![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় সার ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। ৩০ আগস্ট (রবিবার) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া বাজার পশু হাটের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলা ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাশারের নেতৃত্বে সাতবাড়ীয়া বাজার এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে সাতবাড়ীয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ হাসমতের প্রতিষ্ঠানে সার ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম ও লাইসেন্স সংক্রান্ত জটিলতা ধরা পড়ে।
পরবর্তীতে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ী মোঃ হাসমতের বিরুদ্ধে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এর ৮(১) ধারা লঙ্ঘনের দায়ে ৯৬/২৬ নম্বর মামলা দায়ের করে অভিযোগ গঠন করা হয়। ম্যাজিস্ট্রেট ও সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে অভিযোগপত্রে স্বাক্ষর করেন। এরপর তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স হিসেবে ভেড়ামারা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাশার জানান, কৃষকদের দোরগোড়ায় মানসম্মত সার নিশ্চিত করতে এবং সারের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১১:৪১ ৮ বার পঠিত | ● জরিমানা ● ব্যবসায়ী ● ভেড়ামারা