![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ট্যাপেন্টাডল’ সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
০২ সেপ্টেম্বর (বুধবার) রাত ১১ ঘটিকায় উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ রিমন (১৯)। তিনি ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে ক্ষেমিরদিয়াড় গ্রামে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন ওই যুবক। খবর পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
ঘটনার সত্যতা পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুসারে আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডাদেশ প্রদানের পর রাতেই সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১:৪৬:৪৮ ৮ বার পঠিত | ● কারাদণ্ড ● ভেড়ামারা ● মাদক