![]()
মানিকগঞ্জ: দৌলতপুরে এক কিশোরী স্কুলছাত্রীকে(১৩) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল বারেক (৪২) নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত বারেক উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। বিবাদী বারেক তাদের প্রতিবেশী। গত ২৪ আগস্ট রাতে বিবাদীর স্ত্রীর অনুরোধে ভুক্তভোগী কিশোরী তাদের বাড়ির পশ্চিম পাশের রুমে বিবাদীর পুত্রবধূর সাথে ঘুমাতে যায়।
রাত অনুমান ১ টার দিকে পুত্রবধূ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে গেলে সেই সুযোগে আ. বারেক রুমে ঢুকে কিশোরীকে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী ডাক-চিৎকার করলে। ধর্ষণ চেষ্টাকারী কৌশলে পালিয়ে যায়। কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়।
পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে দৌলতপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানায়, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩, জিআর নং-১২২)। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামকে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৯ ১১ বার পঠিত | ● চেষ্টা ● ধর্ষণ ● মানিকগঞ্জ ● শিক্ষার্থী