![]()
পটুয়াখালী: দশমিনা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে।
দশমিনা মানব উন্নয়ন পরিষদের আয়োজনে শনিবার সকাল ১০টায় পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দশমিনা মানব উন্নয়ন পরিষদের আহ্বায়ক মোঃ মশিউর রহমান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) সামসুউদ্দিন, দশমিনা মানব উন্নয়ন পরিষদের সদস্যসচিব মোঃ সোহাগ হোসেন, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সৈকত, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, দশমিনা যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল আশারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কৃতী শিক্ষার্থীরা।
জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দশমিনা উপজেলায় জিপিএ-৫ ও এ প্লাস প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে দশমিনা মানব উন্নয়ন পরিষদের উদ্যোগে ২ হাজার টাকা করে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট, সনদ, কলম ও ডায়েরি প্রদান করা হয়।
এ ছাড়া এসএসসি পরীক্ষার ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও এ প্লাস প্রাপ্তির ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক মশিউর রহমান রাজীব বলেন, দশমিনা মানব উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রতিবছর উপজেলার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে। এ বছর ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা, নগদ বৃত্তি প্রদান এবং ডায়েরি ও কলম উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দশমিনা উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রাখা মরহুম ডা. আলী আকবরকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে, যা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
তিনি বলেন, এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। এ জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪৫:১৫ ৩৫ বার পঠিত | ● দশমিনা ● শিক্ষার্থী ● সংবর্ধনা