ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০

কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০

খুলনা: কয়রা উপজেলায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে আটজনসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের পিচের মাথা জুনিয়র মোড় বাজার এলাকায় অভিযান চালায় কয়রা থানা পুলিশ। এ সময় মোবাইল ফোনে বিভিন্ন জুয়া অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মণ্ডল (৩৫) ও মো. রমজান হোসেন (২৯)-কে আটক করা হয়।

এর আগে একই দিন দুপুরে মদিনাবাদ গ্রামের কয়রা প্রতিবন্ধী স্কুলসংলগ্ন কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো. জাহিদ হাসান শেখ (২৪), মো. আশিক সরদার (২০) ও আশিকুজ্জামান আকাশ সরদার (২২)-কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন তল্লাশি করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। পরে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় কয়রা থানায় পৃথক মামলা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশনায় কয়রা উপজেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। তিনি বলেন, “কয়রা থানায় যোগদানের পর গত প্রায় এক মাস ধরে জুয়া ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জোরালো অভিযান চালানো হচ্ছে। এ সময় জুয়া ও মাদকসংক্রান্ত একাধিক মামলা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”

ওসি আরও বলেন, শুধু আইনগত ব্যবস্থা নয়, সামাজিকভাবেও জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় বাসিন্দা ও তরুণদের এসব অপরাধ থেকে দূরে থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে। তিনি নিজেও বিভিন্ন এলাকায় গিয়ে এ বিষয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন বলে জানান।

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে চুরি ও চেতনানাশক ব্যবহার করে বাড়িতে চুরির মতো অপরাধের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে তারা জানান। তাদের ভাষ্য, পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করায় অপরাধীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৮:২০   ১৪ বার পঠিত  |