পটুয়াখালী: বাউফলে ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক হিসেবে ব্যবহৃত রেকটিফাইড হোমিও সিরাপসহ ২ জনকে গ্রেফতার করেছে বাউফল থানা-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৪ বোতল হোমিও সিরাপ এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির দরজার সামনে বাউফল-কালিশুরী সড়কে অভিযান চালায় পুলিশ। বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. রুবেল হাওলাদার নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত রুবেল কালিশুরী গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে।
একই দিন বুধবার দিবাগত রাতে অপর এক অভিযানে বগা ব্রিজের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে মো. মজিবর রহমান খান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মজিবরের কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত চার বোতল রেকটি হোমিও সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মজিবর রহমান বগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানাজোড়া এলাকার মৃত আয়েন উদ্দিন খানের ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫২:২২ ১২ বার পঠিত | ● গ্রেফতার ● বাউফল ● মাদক