![]()
খুলনা:সুন্দরবনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা ‘ডন বাহিনী’র ১২ সদস্য ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেকী ফরেস্ট অফিসসংলগ্ন কনঞ্চির খাল এলাকা থেকে তাদের বাংলাদেশ কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ডন বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রহমত আলী ওরফে নানাভাইয়ের নেতৃত্বে ১২ জন সদস্য কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দেন। তবে বিষয়টি নিয়ে কোস্ট গার্ডের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সূত্রের দাবি, জমা দেওয়া অস্ত্রের মধ্যে কিছু দেশি-বিদেশি অস্ত্র এবং পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রও থাকতে পারে।
জমা দেওয়া অস্ত্রের তালিকায় রয়েছে নাইন শুটার, এইট শুটার, ফাইভ শুটার, এফএক্স রাইফেল, সাইড-ফায়ার বন্দুক, থ্রি নট থ্রি রাইফেল, নাইন এমএম, শর্টগান ও টু-টু রাইফেলসহ মোট ১৩টি আগ্নেয়াস্ত্র।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া ব্যক্তিদের দোবেকী কোস্ট গার্ড অফিসে রাখা হয়েছে। পরে তাদের কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা কার্যালয়ে নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হতে পারে।
সুন্দরবনে সাম্প্রতিক সময়ে জলদস্যুতা নিয়ে উদ্বেগ বেড়েছে। সরকার পতনের পর সুন্দরবনের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার এবং দস্যুতার অভিযোগ সামনে আসে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একপর্যায়ে ২০টির বেশি দস্যুদল সুন্দরবনে সক্রিয় হয়ে ওঠে।
দস্যুমুক্ত সুন্দরবন গড়তে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
এর পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ও কোস্ট গার্ডের অভিযানে কয়েকটি দস্যুদলের সদস্যদের আত্মসমর্পণের ঘটনা ঘটে। এর মধ্যে বড় জাহাঙ্গীর, আনারুল, আফজাল ওরফে দুলাভাই, আফতাব, মিজান, ছোট সুমন ও ছোট জাহাঙ্গীর বাহিনীর ৫৯ জন সদস্য আত্মসমর্পণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের কাছ থেকে ৫৯টি আগ্নেয়াস্ত্র ও ৫৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল।
নতুন করে ডন বাহিনীর ১২ সদস্যের অস্ত্র জমা দেওয়ার ঘটনা সত্য হলে, সুন্দরবনে দস্যুতা দমনে এটি আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আত্মসমর্পণ প্রক্রিয়া অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে সুন্দরবনে দস্যুতা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১০:৩৭ ১১ বার পঠিত | ● অস্ত্র জমা ● কয়রা ● দস্যু