![]()
পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা, বিভিন্ন প্রতিষ্ঠান সহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল হক, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন সরদার, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, শিক্ষক আলাউদ্দিন আলাল, পৌরসভার বাজার পরিদর্শক মোতালেব হোসেন, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন, হেলাল প্রামানিক,ছাত্রদল নেতা এস এম আফতাব আহমেদ, আব্দুস সবুর জয়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় এমপি সেলিম রেজা হাবিব বলেন, দলীয় নেতাকর্মীসহ পাবনা-২ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের এই ভালবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। পাবনা-২ নির্বাচনী এলাকার মানুষের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব উল্লেখ করে তিনি আরও বলেন দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
এর আগে এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ার পর গত শুক্রবার প্রথমবার তার নিজ নির্বাচনী এলাকায় আগমন করলে তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামের কৃতি সন্তান , সেলিম রেজা হাবিব ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন।
এরপর পাবনা আমিন উদ্দিন কলেজ থেকে এলএলবি অর্জন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। ১৯৯০ সালে প্রথমবার ভোটের মাধ্যমে সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত সব জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১/১১ এবং পরবর্তী সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি বহুবার জেলে ভুগেছেন এবং নেতাকর্মীদের নেতৃত্ব দিয়েছেন।
দলীয় নেতাকর্মীসহ পাবনা-২ নির্বাচনী এলাকার জনসাধারণ জানান , বিপুল ভোটে জয়ী হয়ে সেলিম রেজা হাবিব তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন। এলাকার সর্বস্তরের মানুষ ও দলের নেতাকর্মীরা তৃণমূল থেকে উঠে আসা জ্যেষ্ঠ ও জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে মনোনীত করায় সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৬:২২ ৪ বার পঠিত | ● এমপি ● সুজানগর ● সেলিম রেজা হাবিব