![]()
খুলনা: বয়স মাত্র দুই বছর। যে বয়সে মায়ের কোলে বসে হাসি-খেলায় দিন কাটানোর কথা, সেই বয়সেই হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে বেঁচে থাকার লড়াই করছে ছোট্ট আনাবিয়া রহমান ফাইজা। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার না করালে তার শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। আগামী তিন মাসের মধ্যেই অস্ত্রোপচার করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা জোগাড় করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে শিশুটির চিকিৎসা।
ফাইজা খুলনার পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামের সোহেল গাজীর একমাত্র কন্যাসন্তান। জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও বর্তমানে অস্ত্রোপচারই তার সুস্থতার জন্য জরুরি হয়ে উঠেছে।
বর্তমানে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক ডা. কাজী আবুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে ফাইজা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার ও চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রয়োজন প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
কিন্তু স্বল্প আয়ের সোহেল গাজীর পরিবারের পক্ষে এত অল্প সময়ে এই বিপুল অর্থ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। ফলে অর্থের অভাবে সময়মতো অস্ত্রোপচার করানো সম্ভব হবে কি না—এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে বাবা-মায়ের।
ফাইজার বাবা সোহেল গাজী বলেন, সন্তানের চিকিৎসার জন্য যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ইতোমধ্যে অনেক ব্যয় করেছেন। এখন চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতায় মেয়ের চিকিৎসা করাতে চান তিনি।
ফাইজার পরিবার সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক সহায়তায় এগিয়ে আসতে সক্ষম সবার প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছে।
একটি শিশুর জীবন বাঁচাতে কারও সামান্য সহযোগিতাও হতে পারে বড় আশার কারণ। আপনার ছোট্ট একটি সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে ফাইজার মুখের হাসি, খুলে দিতে পারে সুস্থ জীবনের দরজা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫৯ ৫ বার পঠিত | ● পাইকগাছা ● শিশু ● হৃদযন্ত্রে ছিদ্র