![]()
পটুয়াখালী: কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার,১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের মহিপুর থানার হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নানা-নানির সঙ্গে ঘর থেকে বের হয়ে মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিল মাহিন। কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাসকে (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) তারা থামানোর সংকেত দেয়। কিন্তু বাসটি থামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি শিশু মাহিনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩১:৩৪ ৩২ বার পঠিত | ● কলাপাড়া ● নিহত ● শিশু ● সড়ক