ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই

হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই

নোয়াখালী: কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে হাতিয়ায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর হাতিয়া অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরচেঙ্গা বাজারস্থ সাওতুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০টি মাদ্রাসার শতাধিক হাফেজ ও মাদ্রাসাশিক্ষার্থী অংশ নেন।

এর আগে সকাল থেকেই প্রতিযোগীরা কুরআন তিলাওয়াত ও হিফজের দক্ষতা উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা তুলে ধরেন। আল হুফফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সাওতুল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সারওয়ার কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল হুফফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর হাতিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক এইচ এম সাজ্জাদুল ইসলাম, চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আশিকুর রহমান জোবায়ের, প্রভাষক মাওলানা তারিফুল ইসলাম, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কুরআনের হাফেজদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শিশু-কিশোরদের কুরআন হিফজে উৎসাহিত করা এবং ভবিষ্যতে কুরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আল হুফ্ফাজ ফাইন্ডেশন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ, হাফেজ কারী মাহমুদুল হাসান শাহিন ও হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম।

আয়োজকরা জানান, দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাইপর্ব গত ১৫ আগস্ট ঢাকার গাজীপুর অডিশনের মাধ্যমে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম আগামী ২৫ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ১ নভেম্বর ঢাকার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রতিযোগিতার গ্র্যান্ড পর্ব অনুষ্ঠিত হবে।

বাছাইপর্ব শেষে চূড়ান্ত হওয়া অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:১৩:১৯   ৬ বার পঠিত  |