ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬


বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন বলে তাঁর এক স্বজন জানিয়েছেন।

নিহত শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন।

আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তাসপিয়ার ভাই এনাম আহমেদ বলেন, তাঁর বোন কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তাঁর বোন দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা বলেন, তাসপিয়া তাঁর দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আগামীকাল তাঁর কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। অথচ আজ সন্ধ্যায় সড়কে তাঁর রক্তাক্ত নিথর দেহ দেখতে হয়েছে। পরে তিনি তাসপিয়ার পরিবারের সদস্যদের খবর দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২:০১:৩৯   ৪ বার পঠিত  |