![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মো. রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ভেড়ামারা থানাধীন ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়াভিমুখী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন যাত্রী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চৌড়হাস হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:২৯:০১ ২৮ বার পঠিত | ● নিহত ● বেড়ামারা ● যাত্রী