![]()
আর্সেনালের সামনে হাতছানি দিচ্ছিল ২০০২ সালের স্মৃতি। সে বছরই সর্বশেষ প্রিমিয়ার লিগে টানা ১০ ম্যাচ জিতেছিল লন্ডনের দলটি। গত মৌসুমের শেষ পাঁচ ম্যাচ ও এবারের প্রথম চার ম্যাচ জিতে আর্সেন ওয়েঙ্গারের দলের সেই কীর্তি ছোঁয়ার সুযোগ ছিল মিকেল আরতেতার দলের সামনে।
কিন্তু রেকর্ড তো দূরের কথা, ব্রাইটনের মাঠে বিধ্বস্ত হয়ে ম্যাচই হেরেছে আর্সেনাল। আজ লিগের ম্যাচে আরতেতার দলকে ৩–০ গোলে হারিয়েছে ব্রাইটন।
বুধবার কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো ব্রাইটন আজ নিজেদের মাঠে শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। প্রথমার্ধে দুর্দান্ত দুটি দূরপাল্লার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকেরা। ৩১ মিনিটে অধিনায়ক পাসকাল গ্রস দলকে এগিয়ে দেওয়ার পর ৪৫ মিনিটে ব্যবধান ২–০ করেন চারালামপোস কোস্তুলাস। দুটি গোলই এসেছে বক্সের বাইরে থেকে নেওয়া শটে।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনাল সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০০৮ সালের মার্চে। এরপর এমন ২৮ ম্যাচেই হেরেছে তারা, ড্র করেছে ৪টিতে।
আজ ব্রাইটনের বিপক্ষেও প্রথমার্ধের দুই গোলের ব্যবধান কাটিয়ে উঠতে পারেনি আর্সেনাল। উল্টো দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করেছে আরতেতার দল।
৫৭ মিনিটে হেডে স্কোরলাইন ৩–০ করেন স্প্যানিশ মিডফিল্ডার চিমা আন্দ্রেস। এমনকি চতুর্থ গোলের সম্ভাবনাও তৈরি করেছিল স্বাগতিকেরা, তবে দাভিদ রায়ার দৃঢ়তায় সেটি আর হয়নি।
আর্সেনালের হয়ে গোলের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন কাই হাভার্টজ। তবে ৭৮ মিনিটের সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জার্মান ফরোয়ার্ড।
পুরো ম্যাচে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পেরেছে আর্সেনাল, বিপরীতে ব্রাইটন রেখেছে ৫টি। মোট শটেও আর্সেনালের (১১) চেয়ে এগিয়ে ব্রাইটন (১৭)।
পাঁচ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ব্রাইটন এখন লিগ টেবিলে তৃতীয়। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৩০:১৮ ২ বার পঠিত | ● আর্সেনাল