ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। এ সময় আরও বক্তব্য দেন কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব শাফিউল আজম দুলাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার, খাদ্য পরিদর্শক তামান্না জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি বলেন, “আমাদের সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সত্যের পক্ষে থেকে সৎভাবে জীবনযাপন করাই আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত। মাদকের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। মাদকের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সামাজিক সচেতনতা বাড়াতে প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে উঠান বৈঠকের আয়োজন করতে হবে। জনগণ যেন শান্তিতে ও নিরাপদে বাস করতে পারে, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার বলেন, “উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। প্রধান অতিথির নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে উঠান বৈঠক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি বলেন, “দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি গোষ্ঠী অপরাজনীতি ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।” যেকোনো মূল্যে এ ধরনের চক্রান্ত প্রতিহত করতে তিনি সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৪   ২ বার পঠিত  |