ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুড়িগ্রাম: উলিপুরে ব্যাপক কৃষকের উপস্থিতি দেখে সার না দিয়ে ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তারা সটকে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ইউএনও ও ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নতুন অনন্তপুর বাজার এলাকায়।
ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর এলাকায় মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের সামনে মঙ্গলবার সকালে কৃষকরা সার নেওয়ার জন্য জড়ো হন। এ সময় একসঙ্গে অনেক কৃষকের উপস্থিতি দেখে ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক ও নকুল কুমার এবং সার ডিলার প্রতিষ্ঠান না খুলে সটকে পড়েন। বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ কৃষকরা ডিলারের দোকানের সামনে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ২১৫ বস্তা সার প্রায় ৫০০ কৃষকের মাঝে বিতরণ করা হয়।
কৃষক আব্দুল আজিজ, আজিজার রহমান, আব্দুর রহিমসহ অনেকে জানান, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও সার পাচ্ছি না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ডিলার সামছুল আলম বলেন, সার বিতরণে দেরি হওয়ায় কৃষকরা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে উপসহকারী কৃষি কর্মকর্তা উমর ফারুক তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। অপর উপসহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমারের মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, সার বিতরণের আগেই কিছু উচ্ছৃঙ্খল মানুষ সড়ক অবরোধ করেছিল। পরবর্তীতে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে কোনো সমস্যা নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ডিলার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের ম্যানেজ করতে না পারায় একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে সবার উপস্থিতিতে সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বলেন, কৃষকের উপস্থিতি দেখে সার ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তা একটু ভয় পেয়েছিলেন। পরবর্তীতে আমরা গিয়ে বিষয়টি স্বাভাবিক পর্যায়ে এনে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৫৩:০৫ ২ বার পঠিত | ● উলিপুর ● সার