![]()
খুলনা: কয়রায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির এক নেতার দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। একই মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কয়রা থানায় মামলাটি করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ঘ) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী মো. সহিদ হোসেন ৩ নম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহার অনুযায়ী, আটক তিনজন হলেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান কোহিনুর, মো. আজহারুল ইসলাম ও মো. জহির উদ্দীন সরদার।
এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কররা বাজারে বিএনপির দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার সময় কয়রা থানার ইসলামপুর গ্রামের চাঁদআলী ব্রিজের পশ্চিম পাশে কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তিনজনকে আটক করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কয়রা থানার সংগ্রাম মোড় এলাকার পল্লী বিদ্যুতের উপকেন্দ্র ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেন।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত। তারা সরকারি স্থাপনায় নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন।
পুলিশ জানিয়েছে, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:০১:২২ ৩ বার পঠিত | ● আটক ● কয়রায ● নাশকতা ● মামলায