![]()
ছবিতে অভিনয়ের কথা পাকা। শুটিংয়ের তারিখও দিয়ে দিয়েছিলেন। তারপর আচমকাই বদলে গেল সিদ্ধান্ত। ছবি থেকে বাদ পড়লেন তাপসী পন্নু। কেন? স্পষ্ট কোনও উত্তর পাননি তিনি। বরং শেষ পর্যন্ত যে কারণটি তাঁর কানে পৌঁছেছিল, তা শুনে নিজেই অবাক হন অভিনেত্রী।
একটি ছবিতে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে যে, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ বলিউডে কাজ করতে গিয়ে এমনই কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে আনেন তাপসী।
একটি ছবিতে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ছবির নায়কই—এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। অথচ তার আগে ছবিতে কাজ করার জন্য তাঁর সঙ্গে কথা হয়ে গিয়েছিল। এমনকি নিজের তারিখও দিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই জানতে পারেন, তাঁকে আর ছবিতে রাখা হচ্ছে না। কারণ জানতে চেয়েও কোনও সদুত্তর পাননি।
![]()
তাপসীর কথায়, তাঁকে শুধু জানানো হয়েছিল, নায়ক তাঁকে ছবিতে চান না। কিন্তু কেন চান না, তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন জেগেছিল অভিনেত্রীর মনে। নিজের মতো করে নানা কারণও ভেবেছেন তিনি। হয়তো নায়কের কোনও নিরাপত্তাহীনতা ছিল, হয়তো তিনি তাঁর পরিচিত কোনও অভিনেত্রীকে নিতে চেয়েছিলেন—এমন অনেক সম্ভাবনাই মাথায় এসেছিল তাপসীর। কিন্তু আসল কারণটি আর জানা হয়নি।
বলিউডে অভিনেত্রী হিসাবে নিজের জায়গা তৈরি করতে গিয়ে এমন অভিজ্ঞতা কম হয়নি তাপসীর। তবে সেই অভিজ্ঞতা তাঁকে নিজের কাজের ধরন নিয়ে আরও সচেতন করেছে। একই ধরনের চরিত্রে বার বার দেখা দিতে চান না তিনি। বরং চরিত্র বা গল্পে নতুন কিছু না থাকলে কাজ ফিরিয়ে দিতেও পিছপা হন না। অভিনেত্রী বলেন, “একবার সটান জানানো হয়েছিল, নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়।”
![]()
তাপসীর মতে, বলিউডে অনেক সময় অভিনেতাদের জন্য নির্দিষ্ট কিছু ছক তৈরি হয়ে যায়। গ্ল্যামারাস চরিত্রের জন্য এক দল অভিনেত্রী, আবার সমাজের কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি ছবির জন্য অন্য কয়েক জনের নাম বার বার ভাবা হয়। এই ‘চেনা ছক’-এর অংশ হতে চান না তিনি। তাই এমন ছবিও ফিরিয়েছেন, যেখানে তাঁকে দেখলেই দর্শক হয়তো গল্পের শেষটা আন্দাজ করে ফেলতে পারেন।
‘থাপ্পড়’, ‘হাসীন দীলরুবা’-র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তাপসী। পর্দায় চরিত্র বাছাইয়ে যতটা নিজের সিদ্ধান্তে অনড় অভিনেত্রী, পর্দার পিছনে এমন অভিজ্ঞতাও তাঁর যাত্রাপথকে কম অস্বস্তিকর করে তোলেনি।
![]()
এন/ এস
বাংলাদেশ সময়: ০:২০:৫০ ৬ বার পঠিত |