![]()
নারায়ণগঞ্জ:ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, কোনো অপশক্তিকে দেশের মাটিতে আর নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের জনগণ প্রস্তুত রয়েছেন। তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপপ্রচারকারীদের উদ্দেশে সাংসদ নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আপনারা ছোট ছোট উসকানি দেওয়া বন্ধ করেন। হাসিনা আসবে না বাংলাদেশে। হাসিনা আসবে—এটি একটি গল্প, এসব গল্প আমরা বিশ্বাস করি না। আরেকজন (সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু) বইসা আসে বাইরে, সেখান থেকে বড় বড় কথা বলে। সাহস থাকলে দেশে এসে কথা বলেন।’
সাংসদ নজরুল ইসলাম আজাদ আরও বলেন, ‘আমরা তো পালিয়ে যাইনি। জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি। তারপরও রাজপথে ছিলাম, আন্দোলন-সংগ্রাম করেছি। সব সময় জনগণের সঙ্গে ছিলাম, জনগণের সঙ্গে আছি, জনগণের সঙ্গেই থাকব। জননেতা তারেক রহমানের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি সব সময় ঐক্যবদ্ধ। কেউ যদি বাংলাদেশের অগ্রযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে তার কঠিন জবাব দেওয়া হবে।’
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সদস্য খোরশেদ মিয়া, যুগ্ম সম্পাদক ভিপি কবির, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৭:০০ ৪ বার পঠিত | ● আড়াইহাজার ● নজরুল ইসলাম আজাদ ● সাংসদ