ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর:ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশক নিধনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় এ অভিযান শুরু করা হয়েছে।
গতকাল শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ের উদ্যোগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঝোপঝাড় পরিষ্কার করে এ অভিযান শুরু করেন।
পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সব প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ড্রেন পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। ডেঙ্গু ও পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সব স্থান পরিষ্কার রাখা এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেললে মশার বংশবিস্তার হবে না। ফলে ডেঙ্গুর প্রকোপ কমবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, ডা. মুনমুন, পৌর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার প্রমুখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৩:৩৭ ১ বার পঠিত | ● অভিযান ● কালীগঞ্জ ● মশক নিধন