ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ খুলে পড়েছে সিলিং ফ্যান। এতে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আমির হামজা ও অর্ককে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে ওপর থেকে চলন্ত ফ্যানটি খুলে পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজার নাক ও চোখে আঘাত লাগে। অন্য শিক্ষার্থী অর্কের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল জানান, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। এর আগে কোনো রকমে মেরামত করা হলেও তাতে তেমন কোনো সুফল মেলেনি। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের জন্য পুরোনো ও জরাজীর্ণ ভবনটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
আরেক শিক্ষক লুৎফর রহমান জানান, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। প্রায় এক মাস আগে ভবনটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। মেরামত না করা হলে যেকোনো সময় আবারও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজকের ঘটনাটিও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর আগে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য দুইবার বাজেট বরাদ্দ এসেছিল। কিন্তু জমিসংক্রান্ত জটিলতার কারণে সেই টাকা আবার ফেরত চলে গেছে।
তিনি আরও জানান, বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জায়গাটি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের যৌথ। সেখানে তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের জন্য বরাদ্দ থাকার কথা ছিল। কিন্তু উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে ওই ভবনে যাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করতে পারে, সে উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও আজ কথা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩০ ১ বার পঠিত | ● দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ● বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ● শিক্ষার্থী আহত ● হরিরামপুর