ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আদালত তার নিজস্ব গতিতে চলবে, আইনও চলবে নিজস্ব গতিতে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থনও চাইছেন তিনি। একজন মানুষের ন্যূনতম লজ্জাবোধ না থাকলেই কেবল এমন কাজ করা সম্ভব।
রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যা করার পরও শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন?
শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এ দেশের মানুষ তা কখনো ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।
রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে প্রাণ হারান তরুণ ও শিশুরা। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ দেশের মানুষের মনে চিরজাগরূক থাকবে।
৭ নভেম্বরের তাৎপর্য স্মরণ করে তিনি আরও বলেন, এ দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।
এন/এস
বাংলাদেশ সময়: ০:০৭:৩১ ১৭ বার পঠিত | ● জুলাই গণঅভ্যুত্থান ● রুহুল কবির রিজভী ● শেখ হাসিনা ● ৭ নভেম্বর