ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নারায়নগঞ্জ: আড়াইহাজারে বিএনপি ও ছাত্রদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে সোমবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিজেদের আধিপত্য ধরে রাখতে মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই পক্ষের কর্মী-সমর্থকেরা মহড়া দিচ্ছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলা সদরে আয়োজিত র্যালিতে লোকসমাগমের জন্য উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারী কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল বারেক হাজীর এলাকায় যান। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামতের অনুসারী কামাল হোসেন ও শাহীন মিয়ার সঙ্গে মোবারক হোসেনের অনুসারীদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
এর জেরে ওই দিন বিকেলে উপজেলা সদরে মিছিল করার সময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামতের অনুসারীদের আবারও হাতাহাতি হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার রাতে মিছিল শেষে কর্মী-সমর্থকেরা কালাপাহাড়িয়া এলাকায় ফেরার উদ্দেশ্যে রওনা হলে উপজেলার মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় বিএনপি নেতা সালামতের অনুসারীদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিফাতউল্লাহ, আসাদুল্লাহ, বাহের আলী, আনসার আলী, ফারুক মিয়া ও শাহজাহানসহ অন্তত আটজন আহত হন। তাঁদের মধ্যে আসাদুল্লাহ ও শাহজাহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত জানান, আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল বারেক লোকজন নিয়ে তাঁর এলাকা হাজীরটেকে গিয়ে লোকসমাগমের প্রচারণা চালান। এ নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাঁদের সঙ্গে বাক্বিতণ্ডা হয়। তাঁর অভিযোগ, পূর্বপরিকল্পনা অনুযায়ী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলা সদরে র্যালি শেষে এলাকায় ফেরার পথে মোবারক হোসেনের লোকজন তাঁর অনুসারীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোবারক হোসেন হামলার অভিযোগ অস্বীকার করে জানান, আগামী কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন। তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে প্রতিপক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, বিএনপি নেতা সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও সাবেক ছাত্রদল নেতা মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল ছুড়লে কয়েকজন আহত হন। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:১০:৪৬ ৬ বার পঠিত | ● আড়াইহাজার বিএনপির সংঘর্ষ ● কালাপাহাড়িয়া ইউনিয়ন ● মোবারক হোসেন ● সালাউদ্দিন আহাম্মেদ সালামত