ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে নবীনগর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা আরও ৩-৪ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত সোমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার বাসিন্দা আমির হোসেনের মেয়ে। পড়াশোনার সুবাদে তিনি নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে তাঁর নানা জাহাঙ্গীর আলমের বাড়িতে থেকে কলেজে যাতায়াত করতেন। তাঁর নানা জাহাঙ্গীর আলম রসুল্লাবাদ ইউনিয়নে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সোমাইয়া অটোরিকশায় করে রসুল্লাবাদ থেকে নবীনগর সরকারি কলেজে যাচ্ছিলেন। অটোরিকশাটি নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাস্তার পশ্চিম পাশ থেকে একটি মোটরসাইকেল হঠাৎ আড়াআড়িভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সোমাইয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় অটোরিকশার আরও ৩-৪ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে উপজেলার শ্রীরামপুর গ্রামের দুই শিক্ষার্থী ইভা ও মিথিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নবীনগর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, সোমাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় প্রচণ্ড আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এ কারণেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলচালককে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ওই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫০ ৬ বার পঠিত | ● নবীনগর সরকারি কলেজ ● নবীনগরে সড়ক দুর্ঘটনা ● ব্রাহ্মণবাড়িয়া ● সোমাইয়া আক্তার