ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ডিলারের গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার নিয়ে যায় বিক্ষুব্ধ কৃষকরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড সারের গোডাউনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ডিলার প্রবীর কুমার পালের টিনশেড ঘর ভাঙচুর করে সার নিয়ে যায়। এর আগে বিপুলসংখ্যক কৃষক সার নেওয়ার জন্য ভোর থেকেই সেখানে লাইনে দাঁড়িয়েছিলেন।
খবর পেয়ে পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
সরেজমিনে জানা গেছে, সোমবার সকাল থেকে চাটমোহরের ছাইকোলা বাজারে ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে বিতরণ করা হচ্ছিল। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। বিতরণের জন্য এরই মধ্যে ১৭১টি সারের মেমো করা হয়েছিল।
অন্যদিকে, একই এলাকায় বিএডিসির অপর দুই ডিলার হবিবুর রহমান ও রহমত আলীর পয়েন্টে সার শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে আসা হাজারো কৃষক প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে ভিড় জমান। ওই দুই ডিলারের পয়েন্টে ইউরিয়া সার না থাকলেও এমওপি ও ডিএপি সার সরবরাহ করা হচ্ছিল।
এ অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা ডিলার পয়েন্টে থাকা প্রায় ৬০০ বস্তা সার যে যার মতো নিয়ে যান। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে আরও বিপুলসংখ্যক সারের বস্তা লুটের হাত থেকে রক্ষা পায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধরা আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে গেছেন। সারের কোনো সংকট নেই। তা সত্ত্বেও বিশৃঙ্খলা সৃষ্টি করে এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বাকি সারের বস্তাগুলো লুটের হাত থেকে রক্ষা পায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, কোথাও কোনো সারসংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। সার ফেরত দেওয়া অথবা সমপরিমাণ টাকা ডিলারকে পরিশোধের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সার ফেরত না দিলে বা টাকা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ঘটনার খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৭:৪৭ ৫ বার পঠিত | ● চাটমোহরে সার লুট ● ছাইকোলা পাবনা ● ৬১১ বস্তা সার