ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নোয়াখালী: ভারতে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন হাসিনা। তাকে দেশে পাঠানোর জন্য ভারত সরকারকে বলা হয়েছে। এ দেশের মানুষ তার কাছ থেকে সব গুম ও খুনের হিসাব নেবে।
রোববার রাতে পৌরসভা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি আরও বলেন, তারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এখন তারা বাসে আগুন দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। দলের ত্যাগী নেতাকর্মী ও জনপ্রিয়তা বিবেচনা করে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। সবাইকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়ার ১১টি ইউনিয়নে দলের প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, আব্দুররব শাহরাজ, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্যসচিব আব্দুল হালিম।
আলোচনা সভা শেষে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৪২:০৪ ৫ বার পঠিত | ● বিপ্লব ও সংহতি দিবস ● মাহবুবের রহমান শামীম ● হাতিয়া উপজেলা বিএনপি