ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: কলাপাড়ায় মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা না পেয়ে অভিমান করে এক সন্তানের জনক খাইরুল ইসলাম (২৬) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। রোববার (৮ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। খাইরুল ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন। তাঁর দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।
তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং তাঁদের গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য তিনি বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হন। রাতে খাবার না খেয়েই ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্রও ভাঙচুর করেন।
পরে রোববার বিকেলে পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আলমগীর হাওলাদারের দাবি, গোয়ালঘর থেকে দড়ি এনে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৭ ৬ বার পঠিত | ● কলাপাড়ায় যুবকের আত্মহত্যা ● খাইরুল ইসলাম ● পটুয়াখালী কলাপাড়া