ঢাকা সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: গলাচিপায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে জোর করে বিয়ে দেওয়ার আয়োজন করেছে তার পরিবার। সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন ধার্য করা হয়েছে। এর আগের দিন রোববার বিয়ে বন্ধ এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে নিজের মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করে ওই ছাত্রী। তবে অভিযোগ পাওয়ার পরও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা কার্যকর উদ্যোগ নেননি বলে অভিযোগ উঠেছে।
মনিশা (কিশোরীর সামাজিক নিরাপত্তার স্বার্থে ছদ্মনাম) উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ওই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে। তার জন্ম ২০১২ সালে। সে হিসাবে বর্তমানে তার বয়স মাত্র ১৪ বছর।
রোববার (৮ নভেম্বর) মাদ্রাসার সুপারের কাছে দেওয়া লিখিত আবেদনে মনিশা জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করেছেন। ৯ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু সে এখনই বিয়ে করতে চায় না। পড়াশোনা চালিয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চায়। প্রয়োজনে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্যও মাদ্রাসার সুপারের কাছে আকুতি জানিয়েছে সে। আবেদনের শেষাংশে নিজের বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় মনিশা।
তবে শিক্ষার্থীর এমন আকুতির পরও কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। অনেকেই বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ওই মাদ্রাসার সুপার মোঃ হারুন অর রশিদ বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমার কাছে করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।’
গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তাঁরা এ বিষয়ে কাজ করেন।’
গলাচিপা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা বলেন, ‘আমি তো জানি না, আমাকে জানানো হয়নি। আমার প্রশাসনিক ক্ষমতা নেই, আমি তাদের সঙ্গে থাকি।’
অন্যদিকে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বিষয়টি জেনেছি। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।’
বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম আইনগত বয়স ১৮ বছর। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। সে হিসাবে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজন আইনবিরোধী। এ ধরনের বিয়ে প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ রয়েছে।
একজন মেধাবী শিক্ষার্থী নিজের বিয়ে বন্ধ এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য লিখিতভাবে সহযোগিতা চেয়েছে। অথচ বিয়ের দিন ঘনিয়ে এলেও দায়িত্বশীলদের মধ্যে কার্যকর উদ্যোগের পরিবর্তে দায় এড়ানোর প্রবণতা দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। মেয়েটির ভবিষ্যৎ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৫১:২৫ ৬ বার পঠিত | ● গলাচিপায় বাল্যবিয়ে ● পটুয়াখালী বাল্যবিয়ে ● মনিশার বিয়ে বন্ধের আবেদন