ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ১১ দলীয় ঐক্যের শরিক এনসিপি। তবে দলটি জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ছে না। সংসদেও একসঙ্গে থাকবে তারা। গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে জোটের কর্মসূচিতেও অংশ নেবে এনসিপি। তবে নিজস্ব পরিচয় ও স্বতন্ত্র অবস্থান তৈরিতে অন্যান্য ইস্যুতে দলীয় কর্মসূচি নিয়ে সরব থাকবে দলটি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও জামায়াতকে চাপে রেখেছে ১১ দলের অন্য শরিকরা। তারা স্থানীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে চায়। তবে জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। দলগুলোর নেতারা ও বিভিন্ন সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
১১ দলের শরিকদের এমন অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দলগুলোর কর্মী-সমর্থকদের মধ্যে কথার লড়াই চলছে। জামায়াত ও এনসিপির কনিষ্ঠ নেতারা পরস্পরের সমালোচনা করছেন। যদিও জ্যেষ্ঠ নেতাদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের এসব কথাবার্তার জোটের রাজনীতিতে গুরুত্ব নেই।
গত সংসদ নির্বাচনের আগে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, জাপগা, বিডিপি ও খেলাফত আন্দোলন মিলে আটদলীয় সমঝোতা গড়ে তোলে। তাদের দাবি ছিল, নির্বাচনের আগে গণভোটের আয়োজন ও সংস্কার। পরে এই সমঝোতা নির্বাচনী জোটে রূপ নেয়। এতে যুক্ত হয় এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি। তবে আসন সমঝোতা না হওয়ায় গত জানুয়ারিতে জোট ছেড়ে যায় ইসলামী আন্দোলন। এরপর ১১ দলীয় ঐক্য নামে নির্বাচনে অংশ নেয় জোটটি।
নির্বাচনের পর গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে দলগুলো ঐক্যবদ্ধ থাকায় এটি রাজনৈতিক জোটে রূপ নেয়। তেল-গ্যাস সংকটসহ বিভিন্ন ইস্যুতে জোটবদ্ধ কর্মসূচি শুরু করে তারা। গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশও করে। তবে এসব কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ তুলে গত জুলাইয়ে জোট ছাড়ে খেলাফত মজলিস।
গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর এবং ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ করে ১১ দল। প্রথম দুটি লংমার্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। তবে খুলনার লংমার্চে তারা যাননি। শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অংশ নেন। লংমার্চের সমাবেশে দেওয়া ভাষণে তিনি জামায়াতের সমালোচনা করেন।
জোটে থাকছে এনসিপি, গুরুত্ব দিচ্ছে নিজস্ব কর্মসূচিতে
এনসিপি জামায়াতের জোটে থাকছে না—এমন গুঞ্জন তৈরি হয়েছে। তবে তা নাকচ করেছেন নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেছেন, ১১ দলীয় ঐক্য থাকছে, এনসিপিও জোটে আছে। সংস্কারের প্রশ্নে জোটবদ্ধ আন্দোলনে এনসিপির অংশগ্রহণ ছিল, আছে এবং থাকবে। তবে অন্যান্য ইস্যুতে দলীয় কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে এনসিপি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেছেন, সংসদেও জামায়াত-এনসিপির জোট আছে এবং থাকবে।
এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে বলেছেন, জোটে থাকার কারণে তাদের দল জামায়াতনির্ভর হিসেবে পরিচিতি পাচ্ছে। জোটের কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত থাকেন, আর এনসিপির নেতারা শুধু বক্তৃতা করেন। এতে নিজস্ব রাজনীতির মাঠ তৈরি হচ্ছে না, দলের কর্মীরাও চাঙ্গা হচ্ছেন না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নিজস্ব কর্মীদের নিয়ে সক্রিয় হয়েছে এনসিপি।
লংমার্চের আগের দিন দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে শাহবাগে সমাবেশ করে দলটি। নির্বাচনের পর এটিই ছিল এনসিপির সবচেয়ে বড় কর্মসূচি। লংমার্চের পরদিন যুব সম্মেলন ও মিছিলও করে তারা। দলীয় এসব কর্মসূচিতে নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছেন।
এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে বলেছেন, কর্মীদের এই বার্তা দেওয়া হচ্ছে—জামায়াত বা অন্য কোনো দলের ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না। এনসিপির নিজস্ব আদর্শ, পরিচয় ও অবস্থান তৈরি করতে হবে।
আরেকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, বিএনপি ক্রমাগত প্রচার চালাচ্ছে যে এনসিপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। একাত্তরে স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের আদর্শই এনসিপির আদর্শ—এমন প্রচার অব্যাহত থাকায় দলটি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কর্মীদের মধ্যেও অসন্তোষ রয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নিজস্ব কর্মসূচি নিয়ে সরব থাকবে এনসিপি।
এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অবদান ও জোটের কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও কথার লড়াইয়ে জড়িয়েছেন জামায়াত-এনসিপির সমর্থকেরা। কওমি ধারার অন্য দলগুলোর সমর্থকেরা জামায়াতের সমালোচনা করছেন। ইসলামী দলগুলোর নেতারাও টকশো ও পডকাস্টে একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।
১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী হচ্ছে, তা দেখে রাজনীতি হয় না। জোট ভাঙছে না। এগুলো সরকারের প্রযোজিত অপপ্রচার মাত্র। জোটের লিয়াজোঁ কমিটির সর্বশেষ বৈঠকেও সব দল একমত হয়েছে যে ঐক্য আরও মজবুত করা হবে। তবে শরিক দলগুলো আগের চেয়ে বেশি নিজস্ব কর্মসূচি নিয়ে সক্রিয় হবে। এতে কোনো অসুবিধা নেই, বরং ভালো।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টানাপোড়েন
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে সারা দেশে সাড়ে চার হাজার ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন কবে হবে, তা নিশ্চিত নয়। এরই মধ্যে জামায়াত-সমর্থিত প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। আগামী এক বছরের মধ্যেও নির্বাচন হবে কি না, তার নিশ্চয়তা না থাকলেও দলটির নেতারা গণসংযোগ শুরু করেছেন। এনসিপিও শতাধিক উপজেলা ও পৌরসভায় দল-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পাশাপাশি ছয়টি সিটি করপোরেশনে মেয়র পদে দল-সমর্থিত প্রার্থীদের নাম জানিয়েছে।
জামায়াতের ঘোর বিরোধী হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার সাতটি দল স্থানীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এ প্রক্রিয়ায় রয়েছে জামায়াত জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। ১১ দল থেকে কয়েক মাস আগে বেরিয়ে যাওয়া খেলাফত মজলিসও হেফাজতের উদ্যোগে জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
হেফাজত দেওবন্দি আদর্শের অনুসারী দলগুলোকে ঐক্যবদ্ধ করছে, যাতে এ ধারার ভোট এক জায়গায় আনা যায়। তবে জামায়াতের দাবি, স্থানীয় নির্বাচনে ডানপন্থিদের ভোট ভাগ করতে বিএনপি হেফাজতকে দিয়ে এই জোট গঠন করাচ্ছে। দেওবন্দি ধারার দলগুলোর বিশ্লেষণ হলো, স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ার চেয়ে যেকোনো জোটে থাকা লাভজনক। জামায়াত স্থানীয় নির্বাচনে জোট না করলে তারা কওমি দলগুলোর জোটে চলে যাবে।
তবে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় নির্বাচনে কেন্দ্রীয়ভাবে কোনো জোট হবে না। অতীতেও এমন জোট হয়নি, এবারও হবে না। তবে স্থানীয় পর্যায়ে সমঝোতা হতে পারে। ১১ দলের শরিকরা জেলা বা উপজেলা পর্যায়ে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো ইউনিয়ন বা পৌরসভায় একক প্রার্থী দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন। এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কোনো বাধা থাকবে না। জোটের সব শরিককে এ বার্তা দেওয়া হয়েছে।
এনসিপি নেতা আখতার হোসেন গণমাধ্যমকে বলেছেন, তাদের দল এককভাবেই স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত আগেই নিয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
তবে জোট সূত্র জানিয়েছে, বাংলাদেশ খেলাফত, এবি পার্টি ও এলডিপিসহ কয়েকটি দল স্থানীয় নির্বাচনে জোট চায়। এসব দলের ভাষ্য, জোট না হলে জামায়াতের সঙ্গে থাকার কোনো অর্থ নেই। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতকে অব্যাহত সমর্থন দেওয়ার পরও স্থানীয় নির্বাচনে ছাড় না পেলে জোটে থেকে লাভ নেই।
চাপ প্রয়োগের কৌশল কি
জোট সূত্র জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জোটের বাইরে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে এনসিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তরুণদের এই দল। এতে নাহিদ ইসলাম জয়ী হন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অল্প ব্যবধানে হেরে যান। নির্বাচনে লড়েছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবও।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এবং উত্তরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সমর্থন দিয়েছে এনসিপি। দক্ষিণে জামায়াত-সমর্থিত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। উত্তরে দলটির নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন মেয়র পদে প্রার্থী হতে প্রচার শুরু করেছেন। দেশের বাকি ১১টি সিটি করপোরেশনেও দল-সমর্থিত প্রার্থী ঠিক করেছে জামায়াত। সিটি নির্বাচনে শরিকদের ছাড় দিতে রাজি নয় দলটি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া এনসিপি এ কারণেও জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে।
জোট সূত্রের দাবি, অন্তত ঢাকা উত্তর সিটি করপোরেশন আসিফ মাহমুদকে ছেড়ে দিক—এমন দাবি ছিল এনসিপির। তবে তাতে রাজি হয়নি জামায়াত। নাহিদ ইসলাম অবশ্য গণমাধ্যমকে বলেছেন, ১১ দলের শরিকরা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে। তবে সুষ্ঠু নির্বাচনের দাবিতে জোটবদ্ধ আন্দোলন করবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেছেন, ১১ দলের ঐক্যের ভিত্তি হলো গণভোটে অনুমোদিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার। বিএনপি তা করছে না বলেই নির্বাচনী ঐক্য রাজনৈতিক জোটে রূপ নিয়েছে। জোটের সব দল যদি এককভাবে সিটি নির্বাচন করে, তাহলে জোটের ঐক্য আর থাকে না।
সরকারের প্রতি জামায়াতের নমনীয়তায় নাখোশ শরিকরা
দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ইস্যুতে প্রধান বিরোধী দল জামায়াত সরকারকে যথেষ্ট আক্রমণ করেনি বলে মনে করে ১১ দলের কয়েকটি শরিক। তিনটি দলের নেতারা গণমাধ্যমকে বলেছেন, হরতাল-অবরোধ ডাকতেই হবে, এমন কথা নেই। তবে সরকারকে যেভাবে কাঠগড়ায় তোলা উচিত ছিল, জামায়াত তা করেনি। সরকারকে জবাবদিহি করতেও বাধ্য করতে পারেনি।
তাদের অভিযোগ, সংসদে জামায়াতের ভূমিকা নমনীয়। বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করার পর সংসদে জামায়াত বলছে, জ্বালানি সংকটে সরকারের কোনো দায় নেই। এতে বিরোধী দলের পরিচয় নিয়ে সংকট তৈরি হচ্ছে। অতীতের মতো গৃহপালিত বিরোধী দল কি না, সেই প্রশ্নও উঠছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল জামায়াত। কিন্তু নির্বাচনের পরদিন বিএনপির প্রার্থী জামায়াত প্রার্থীর বাড়িতে গেলে তাঁদের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময় হয়। এ ঘটনাতেও জোটের শরিকরা ক্ষুব্ধ।
বিভিন্ন দলের নেতারা বলছেন, জামায়াতের এসব কর্মকাণ্ডে বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সরকারের সঙ্গে দলটির সমঝোতা রয়েছে—এমন সন্দেহও তৈরি হচ্ছে। এ কারণে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি করে জনভোগান্তির বিভিন্ন বিষয়ে দলীয়ভাবে কর্মসূচি পালনের পথে এগোচ্ছে এনসিপি। একই পথে রয়েছে এবি পার্টিও। সোমবার এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে নভেম্বর ও ডিসেম্বরে কী কী কর্মসূচি নিয়ে রাজপথে থাকা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
তবে জামায়াতের জ্যেষ্ঠ একজন নেতা গণমাধ্যমকে বলেছেন, শরিকদের আবেগ তাঁরা বোঝেন। কিন্তু আবেগকে প্রশ্রয় না দিয়ে বাস্তবভিত্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত। সরকারের সঙ্গে কোনো সমঝোতা থাকার প্রশ্নই নেই। তবে জামায়াত এমন আন্দোলনের পরিস্থিতি তৈরি করতে চায় না, যাতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং নিয়মতান্ত্রিক পালাবদলে ব্যাঘাত ঘটে।
সরকারবিরোধী ভাবমূর্তি তৈরি করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে রাজপথ উত্তপ্ত করলে নিয়মতান্ত্রিক পালাবদল ব্যাহত হতে পারে। এর পরিণতি বর্তমানে সক্রিয় কোনো দলের জন্যই ভালো হবে না।
এন/এস
বাংলাদেশ সময়: ০:০২:৩৫ ১৭ বার পঠিত | ● এনসিপি ● জামায়াত-এনসিপি জোট ● স্থানীয় সরকার নির্বাচন ● ১১ দলীয় ঐক্য