ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: বোয়ালমারী উপজেলায় জমির সীমানা নির্ধারণ ও স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে সালিশ চলাকালে সাংবাদিক সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, রড ও রামদা দিয়ে তাঁদের মারধর ও কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার সহস্রাইল গ্রামে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির ওপর স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে জমির সীমানা নির্ধারণ ও বিরোধ নিষ্পত্তির জন্য সালিশের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে প্রতিপক্ষের এস এম মনির ও তাঁর সহযোগীরা অতর্কিতে সাংবাদিক সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ এবং তাঁর বড় ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় তাঁদের হাতুড়ি ও রড দিয়ে মারধর এবং রামদা দিয়ে আঘাত করা হয়। এতে দুই ভাই আহত হন।
একপর্যায়ে সালিশে উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় আহত দুই ভাইকে উদ্ধার করা হয়। পরে সাংবাদিক সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য আয়োজিত সালিশের মধ্যেই একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে পরিচিত। সমাজের অন্যায়, অনিয়ম ও অসংগতি তুলে ধরে জনস্বার্থে সত্য প্রকাশ করাই তাঁদের দায়িত্ব। দায়িত্বশীল এই পেশার একজন ব্যক্তির ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ শুধু উদ্বেগজনক নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “এ বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে। আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
সাংবাদিকের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫২ ৪১ বার পঠিত | ● বোয়ালমারীতে সাংবাদিকের ওপর হামলা ● সহস্রাইল গ্রাম ● সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ