ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: পরিবারের আর্থিক সংকটের কারণে সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে বিয়েতে রাজি না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে আবেদন করে সে। এ নিয়ে আজকের রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে বন্ধ হয়েছে তার বাল্যবিবাহ। একই সঙ্গে ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুজর ইজাজুল হকও তাকে আর্থিক সহায়তা দিয়েছেন। মাদ্রাসার সুপার ঘোষণা দিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।
সোমবার, ৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে তাকে গলাচিপা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে ঝুমুরের বাবার কাছ থেকে মেয়ের বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।
অন্যদিকে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় ঝুমুরের সাহসী ভূমিকার প্রশংসা করে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রশাসন, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে ঝুমুর ও তার পরিবার।
ঝুমুর আক্তার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। তার জন্ম ২৮ মার্চ ২০১২। সপ্তম শ্রেণির ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১। শিক্ষকদের ভাষ্য, পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। সে নিয়মিত পড়া প্রস্তুত করে আসে এবং একবার বুঝিয়ে দিলেই তা আয়ত্ত করতে পারে। মেধা ও অধ্যবসায়ের কারণে সে মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের একজন।
জানা যায়, পরিবারের সদস্যরা ঝুমুরের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ের আয়োজন করেন। ৯ নভেম্বর বিয়ের দিনও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়েতে রাজি না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করে সে।
আবেদনে ঝুমুর জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছেন এবং তাকে বিয়ে করতে বাধ্য করছেন। অথচ সে এখন বিয়ে করতে চায় না; লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। আবেদনে সে লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও আমি এখন বিয়ে করতে চাই না।’
ঝুমুরের বাবা লাল মিয়া সরদার পেশায় একজন দিনমজুর। তিন মেয়ে ও এক ছেলের সংসারে ইতোমধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। তাদের ঘরে তিন নাতনির পড়াশোনার খরচও তাঁকে বহন করতে হয়। তাঁর ছেলে তাঁর সঙ্গে দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবেন না—এমন আশঙ্কা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।
লাল মিয়া সরদার বলেন, ‘আমি দিনমজুর মানুষ। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছি। তাদের ঘরে তিন নাতনির পড়ার খরচও আমাকে দিতে হয়। ছেলে আমার সঙ্গে দিনমজুরের কাজ করে। সংসার চালাতেই কষ্ট হয়। এ অবস্থায় মেয়ের পড়ালেখার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মেয়ে বিয়েতে রাজি হয়নি। এখন স্যাররা বলেছেন, মেয়ে ভালো পড়াশোনা করে। প্রতিমন্ত্রী নুরুল হক নুরও তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এখন আর পড়ানোর সমস্যা নেই। আমি চাই, আমার মেয়ে পড়াশোনা করুক।’
ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারুন অর রশিদ বলেন, ‘ঝুমুর আমার মাদ্রাসার একজন মেধাবী ছাত্রী। সপ্তম শ্রেণিতে তার রোল নম্বর ১। পড়াশোনার প্রতি তার অনেক আগ্রহ। সে যত দিন আমার মাদ্রাসায় পড়াশোনা করবে, তত দিন তার কোনো টাকা-পয়সা খরচ হবে না। তার পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব।’
অভাবের কারণে অল্প বয়সে বিয়ের আয়োজন করা হলেও নিজের শিক্ষাজীবন রক্ষায় ঝুমুরের প্রতিবাদ শেষ পর্যন্ত কাজে এসেছে। আজকের রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রতিমন্ত্রীর আশ্বাসে আপাতত বাল্যবিবাহের ঝুঁকি থেকে মুক্ত হয়েছে সে। এখন স্থানীয়দের প্রত্যাশা, দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে আর্থিক সংকটের কারণে ঝুমুরের শিক্ষাজীবন থেমে যাবে না। তার মতো প্রত্যন্ত চরাঞ্চলের অন্য শিক্ষার্থীরাও পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৬ ১ বার পঠিত | ● গলাচিপায় বাল্যবিবাহ বন্ধ ● ঝুমুর আক্তার ● নুরুল হক নুর ● পটুয়াখালী