ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ

পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ

পটুয়াখালী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থীকে অটোরিকশায় ঘোরার সময় পথরোধ করে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থী দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলায় রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদারকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদরাসার পূর্ব পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ওই দুই শিক্ষার্থী অটোরিকশায় করে ঘুরতে বেরিয়েছিলেন। পথে কয়েকজন যুবক অটোরিকশাটির গতিরোধ করেন।

অভিযোগ রয়েছে, অটোরিকশা থামানোর পর অভিযুক্তরা শিক্ষার্থীদের কাছে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যান। এ সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অটোরিকশাটি উদ্ধার করে থানায় সোপর্দ করে। পরে অটোরিকশার চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অটোরিকশায় করে ঘুরতে গিয়েছিলেন। পথে স্থানীয় কয়েকজন যুবক তাদের গাড়ি থামিয়ে গতিরোধ করেন। এ সময় তাদের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে এজাহার করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।’

ঘটনার সময় অটোরিকশায় থাকা অন্য শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে কিছুই বলতে চাই না। যা বলার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলবেন।’

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান বলেন, ‘ঘটনার পরপরই যে অটোরিকশায় তারা ছিলেন, সেটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় এবং পরে থানায় সোপর্দ করা হয়েছে। অটোরিকশার চালকের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তদের নাম-পরিচয় পাওয়া যায়। এরপর থানায় মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তরা সাড়ে পাঁচ হাজার টাকা ও বেশ কিছু মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর গায়েও হাত দেওয়া হয়েছে।’

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৯:৪০   ৬ বার পঠিত  | ●   ●   ●