ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার

আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার

ফরিদপুর: আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল শেখ ওরফে পাইচো হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি মারুফ শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত জান্নাত শেখের ছেলে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত রবিউল বড়ভাগ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পাশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সদর বাজারে চা বিক্রি করতেন। ঘটনার রাতে দোকান বন্ধ করে নিজ গ্রামের কয়েকজনের সঙ্গে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা একদল হামলাকারী তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে হোসাইন শেখ। এতে ঘটনাস্থলেই রবিউল নিহত হন এবং তাঁর সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।

ঘটনার দুই দিন পর নিহতের ভাতিজা নাজমুল শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।

স্থানীয়দের তথ্যমতে, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছে। এই বিরোধের জেরে চলতি বছরের ২৬ জুন সুমন শেখ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত চা-দোকানি রবিউল ছিলেন সুমনের চাচা। সুমন হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে সাত সপ্তাহের আগাম জামিন নিয়ে এলাকায় ফেরার পরই দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে। দ্রুত অন্য আসামিদের গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৯:৪৭   ৫ বার পঠিত  | ●   ●   ●