![]()
মিরপুরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী। সোমবার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। এটি শুরু, শেষ নয়। এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করা হবে।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। আর কেউ যাতে অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।
ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি ঘুরে দেখেন এবং রাড্ডা এমসিএইচ-এফপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্রসূতি মায়েদের সেবা ও শিশুদের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে সহায়তার প্রয়োজন হলে তা দেওয়ার আশ্বাস দেন তিনি। ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:০৫:১১ ৮ বার পঠিত | ● অনুদান ● জামায়াত ● পুনর্নির্মাণ ● স্বাস্থ্যকেন্দ্র