ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার

পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নিখোঁজের একদিন পর রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের একটি ড্রেন থেকে মোদাছের মিয়া (২৮) নামের এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর প্লট ও ৩২৬ নম্বর সড়কসংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাশে ছুরিসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় অজ্ঞাত ছিনতাইকারীরা তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে।

মোদাছের মিয়া আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার হারুন মিয়ার ছেলে। গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর বাবা হারুন মিয়া ওই দিনই আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মোদাছের আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের একটি ড্রেনে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে আড়াইহাজার থানায় করা নিখোঁজের জিডির তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের পরিচয়ের মিল পাওয়া যায়। প্রাথমিকভাবে মরদেহটি মোদাছের মিয়ার বলে শনাক্ত করা হয়। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং পাশে ছুরিসদৃশ একটি বস্তু পড়ে ছিল। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহটি রূপগঞ্জ থানা এলাকার মধ্যে পড়ায় মামলাটি তদন্ত করবে রূপগঞ্জ থানা-পুলিশ। এ ক্ষেত্রে তারা সহযোগিতা করবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০৯:৩০   ১৩ বার পঠিত  | ●   ●   ●