ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯

দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯

ঠাকুরগাঁও: ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সংঘর্ষের পর খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীরা হলেন ভূল্লী উপজেলার কচুবাড়ি গ্রামের রনজিত রায়, নুপুর রায় ও পায়েল কৃষ্ণ ব্রমচারী এবং ভাতগাঁও গ্রামের বাসুদেব চন্দ্র ও অপু সরকার। ইসকন ধর্মাবলম্বী আহতরা হলেন আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের জিতেন্দ্র নাথ, চম্পা রাণী, দক্ষনাথ রায় ও সোহাগ রায়।

স্থানীয়দের ভাষ্য, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা স্থাপন করতে গেলে ইসকন ধর্মাবলম্বীরা আধিপত্য বিস্তারের চেষ্টা করে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান। এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এবং ওই ৯ জন আহত হন।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষ হয়; এতে একজন নিহত হন। এরপর প্রায় ১৫ বছর মন্দিরটিতে পূজার সময় ১৪৪ ধারা জারি থাকত। প্রশাসনের হস্তক্ষেপে গত বছর মন্দিরটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও, এবার পূজা শুরুর আগেই দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হওয়ায় পূজা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৪৯:০৩   ১১ বার পঠিত  | ●   ●   ●