ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী

শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী

কুষ্টিয়া: চ্যানেল আই আয়োজিত দেশসেরা শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি’র প্রাথমিক বাছাইয়ে নৈপুণ্য দেখিয়ে ‘ইয়েস কার্ড’ পেয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী তাসনিম জান্নাত ও উর্মী রানী কুন্ডু। এ সাফল্যে তারা মূল পর্বে ভেড়ামারা তথা কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।

তাসনিম ও উর্মী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ভেড়ামারা সাংস্কৃতিক একাডেমি’র নিয়মিত শিক্ষার্থী। দীর্ঘদিনের অনুশীলন, একাগ্রতা এবং সংগঠনের দিকনির্দেশনায় তারা জাতীয় পর্যায়ের এ মঞ্চে নিজেদের মেধার পরিচয় দিয়েছে।

দুই খুদে নৃত্যশিল্পীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ভেড়ামারা সাংস্কৃতিক একাডেমির সভাপতি আনোয়ার হোসেন বাবলু। তিনি বলেন, “আমাদের একাডেমির দুই খুদে শিল্পীর এই অর্জন অত্যন্ত গর্বের। তৃণমূল পর্যায় থেকে সঠিক ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। এই সফলতার পেছনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। আশা করি, আগামী রাউন্ডগুলোতেও আমাদের এই খুদে প্রতিভারা তাদের সেরা পারফরম্যান্স দিয়ে পুরো দেশের মন জয় করবে।”

তিনি আরও জানান, শিশুদের মেধা ধরে রাখতে এবং পরবর্তী পর্বের প্রস্তুতিতে একাডেমির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভেড়ামারার দুই নৃত্যশিল্পীর ‘ইয়েস কার্ড’ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন ও সুধী মহলে আনন্দ দেখা দেয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুই শিল্পী, তাঁদের অভিভাবক এবং একাডেমি কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৮:১৮   ১৩ বার পঠিত  | ●   ●   ●