ঢাকা শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে ফরিদপুরের সালথায় কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় সালথা উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা নজরুলের হামদ-নাত, গজল, ইসলামি সংগীত, নৃত্য, অভিনয়, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন।
সকাল থেকে উপজেলা হলরুমে শুরু হয় প্রতিযোগিতার বিভিন্ন পর্ব। একের পর এক গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও অভিনয়ে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শিক্ষার্থীদের পরিবেশনায় উঠে আসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের বৈচিত্র্যময় দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, উপজেলা আইসিটি কর্মকর্তা টিপু সুলতানসহ বিভিন্ন কলেজের শিক্ষক, মাদ্রাসার সুপার, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সালথা মডেল মসজিদের ইমাম মুফতী রবিউল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম মুফতী মফিজুর রহমান, গীতিকার ও সুরকার বলরাম সরকার, নাট্যব্যক্তিত্ব আনিসুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু নাসের হুসাইন।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত ও জীবনাদর্শের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং তাদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। বিচারকেরা তাঁদের পরিবেশনা মূল্যায়ন করেন। শিক্ষক ও অতিথিরাও শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২২:১৬ ১০ বার পঠিত | ● নজরুল ● সালথায ● সৃষ্টিকর্ম