ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
শোডাউনটি আবুবকরপুর ইউনিয়নের শিবা চৌমুহনী থেকে শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে চরফ্যাসন বাজার ঘুরে দলীয় কার্যালয়ে পৌঁছায়। সেখানে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আব্দুল্লাহ আল নোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। তাঁর দাবি, কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকাকালে রাজনৈতিক কারণে তাঁকে সাতবারের বেশি কারাবরণ করতে হয়েছে। এ সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল।
শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, নির্বাচিত হলে আবুবকরপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন তিনি। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়কে সামনে রেখে একটি উন্নত, নিরাপদ ও মানবিক আবুবকরপুর গড়ে তুলতে চান তিনি।
তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় অর্থের প্রভাব ও টাকার সংস্কৃতি বন্ধ করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবেন। ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াও তাঁর অন্যতম অঙ্গীকার।
স্থানীয়দের ভাষ্য, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে আব্দুল্লাহ আল নোমানের ইউনিয়নজুড়ে পরিচিতি ও সমর্থকগোষ্ঠী রয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হতে হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা এবং এলাকার মানুষের পাশে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ি
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৯:৫৪ ২৩ বার পঠিত | ● আবুবকরপুর ইউনিয়ন ● আব্দুল্লাহ আল নোমান ● চরফ্যাশন মোটরসাইকেল শোডাউন