ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়াম বরিশালের উজিরপুরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আশপাশের বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে তোলেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে পিরোজপুরের নাজিরপুরে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লেগে সেগুলো পুড়ে গেছে। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ইউপি কার্যালয়ের হলরুমে থাকা টিসিবির পণ্য, দরজা, জানালা ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডে সদর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মো. মোস্তফা মাঝি, যুবদল নেতা আরাফাত মাঝি, শাহিন ভূইয়া ও সামাদ মাঝির দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
দোকানগুলোর মধ্যে মুদি, মনিহারি, পার্টস ও গ্যারেজের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজবাড়ীতে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:২৩:৫১ ২৩ বার পঠিত | ● নাজিরপুরে অগ্নিকাণ্ড ● পিরোজপুরে বাসে আগুন ● ভান্ডারিয়া বাসস্ট্যান্ড ● মো. সিয়াম