ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
গোপালগঞ্জ: গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণপাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বাড়িতে আগুন দেন। এর আগে বাড়িগুলোতে ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে থানার কার্যক্রম বন্ধ রয়েছে। হামলার সময়ই কর্তব্যরত পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের নয়টি সরকারি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে সংসদ সদস্য এসএম জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে তখনো ধোঁয়া উড়ছিল। মধুমতী নদীর তীরে অবস্থিত আড়াইতলা পাকা বাড়িটির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। কিছুই অক্ষত নেই। পাশের তাঁর পৈতৃক টিনের ঘরটিও ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর চাচাতো ভাই এসএম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব বাড়ির বেশিরভাগই টিনের তৈরি।
সংসদ সদস্যের মেজো ভাই এসএম হায়দার আলী গণমাধ্যমকে বলেন, বাড়িতে তাঁর তিন বোন ও তাঁদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কয়েকশ লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসেন। তখন তাঁরা প্রাণভয়ে পালিয়ে যান।
সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন এবং ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যেতে পারেননি। কারণ, স্টেশনের সামনেই একদল লোক বিক্ষোভ করছিলেন। পরে রাত ৯টা ৫৫ মিনিটে তাঁরা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে তাঁরা টুঙ্গিপাড়া থানায় দেওয়া আগুন নেভাতে যেতে পারেননি।
এদিকে বুধবার দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে জিনিসপত্র নিয়ে ভ্যানে করে সেখানকার পুলিশ সদস্যদের চলে যেতে দেখা যায়। ভ্যানে থাকা মালামালের মধ্যে সরকারি আগ্নেয়াস্ত্র ও পুলিশের হেলমেটও ছিল। পুলিশ সদস্যরা সবাই সাদা পোশাকে ছিলেন।
একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তবে কোথায় যেতে হবে, সে বিষয়ে তাঁরা কিছু জানাননি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। পরে তাঁরা থানায় ভাঙচুর চালান। একপর্যায়ে থানা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুইতলা থানা ভবনের সব কক্ষ ও ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ সদস্যদের অভিযোগ, থানা থেকে সরকারি অস্ত্র, কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্র লুট করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি।
টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
পুলিশ সদস্যরা জানান, টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুনরায় হামলার আশঙ্কায় তাঁরা থানা ছেড়ে যাচ্ছেন। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত থানা এলাকা থেকে সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে পুলিশ সদস্যদের চলে যেতে দেখা গেছে।
পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ভ্যান ও ইজিবাইকে তুলে থানা এলাকা ছাড়ছেন। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানান, ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) প্রায় ২০০ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তাঁরা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তাঁদের মধ্যেও পুনরায় হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁরা গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সুযোগে হামলাকারীরা গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
হামলায় থানার নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন কক্ষ, আসবাবসহ অন্যান্য মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
নাম প্রকাশ না করার শর্তে থানার একজন কর্মকর্তা জানান, টুঙ্গিপাড়া থানায় তিনজন পরিদর্শক, দুজন অতিরিক্ত পুলিশ সুপার, সাতজন উপপরিদর্শক (এসআই), সাতজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৩০ থেকে ৩৫ জন কনস্টেবল কর্মরত ছিলেন।
এর বাইরে ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফের প্রায় ২০০ সদস্য সেখানে দায়িত্ব পালনের জন্য এসেছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:০০:০৬ ১১ বার পঠিত | ● এসএম জিলানী ● গোপালগঞ্জে অগ্নিসংযোগ ● টুঙ্গিপাড়া থানা ● ১৫ বাড়িতে আগুন