ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ফরিদপুর: ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে (৪০) লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামিরদী এলাকার বাসিন্দা নন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশপাশের বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইজিবাইকে করে এসে তাঁরা মহাসড়ক অবরোধ ও তাণ্ডব চালান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সেখানকার তিন-চারটি দোকান বন্ধ এবং সাত-আটটি দোকান খোলা রয়েছে। তবে দোকানগুলোতে ও আশপাশে লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। হামিরদী ইউনিয়ন বিএনপির কার্যালয়টি ভাঙচুরের কারণে বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
এলাকাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাংবাদিক পরিচয় পেলে কেউ কথা বলতে রাজি হচ্ছেন না। তবে নাম-পরিচয় প্রকাশ করা হবে না—এমন আশ্বাস পেয়ে চারজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই বহিরাগত। পাশের আলগী ইউনিয়ন, সদরপুর ও চরভদ্রাসন এলাকা থেকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইজিবাইকে করে তাঁরা ঘটনাস্থলে আসেন। পরে রাত ৮টার দিকে হঠাৎ মহাসড়কে উঠে যান চলাচল বন্ধ করে দেন। একই সময়ে ইউনিয়ন বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালান তাঁরা।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সন্ধ্যা থেকেই হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ওই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। এতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান। কার্যালয় ভাঙচুরের পর আওয়ামী লীগের কর্মীরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও মজিবুর রহমান নিক্সনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটের দিকে একা পেয়ে রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কের পাশে পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ঘটনাস্থলে আসেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০-১২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে জড়িত সন্দেহে ভাঙ্গা থানা পুলিশ মোট ২৬ জনকে আটক করেছে।
তিনি বলেন, ‘এই নেতা আসলেই কীভাবে মারা গেছেন, সেই কারণ নিয়েও আমরা সন্দিহান। গুলি অথবা ককটেল বিস্ফোরণে মারা গেছেন বলে শুনেছি। আবার কখনো শোনা গেছে, ককটেল লেগে মহাসড়কে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়ে মারা গেছেন। আসলে এখনো আমরা মৃত্যুর কারণ খুঁজছি।’
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘রাজু আমাদের সঙ্গেই গতকাল আওয়ামী সন্ত্রাসীবিরোধী মিছিলে অংশ নিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা করে তাকে হত্যা করা হয়েছে।’
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ওই আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘রাজুকে রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা করে হত্যা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার আমরা করব। শান্ত ভাঙ্গাকে যারা অশান্ত করল, তারা কাজটি ভালো করেনি।’
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ভাঙ্গা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, গতকাল নিহত নেতা রাজু অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তিনি কীভাবে আহত হয়েছিলেন, তা চিকিৎসকেরা বুঝে উঠতে পারেননি। তাঁর বাম কোমরে ঝলসানো চিহ্ন ও একটি ক্ষত ছিল। ক্ষতটি কীসের, তা ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে।
তিনি আরও বলেন, তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রাজুর মরদেহ জানাজার জন্য ভাঙ্গা মহিলা কলেজের সামনের বাসস্ট্যান্ড এলাকায় নেওয়া হয়। সেখানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
বিকেল ৫টা ১৫ মিনিটে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাড়ে ৫টার দিকে রাজুর মরদেহ নিয়ে তাঁর স্বজনেরা বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির পাশে আগে থেকেই খুঁড়ে রাখা একটি কবরে রাতে তাঁকে দাফন করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪২:৫১ ৯ বার পঠিত | ● আওয়ামী লীগের ২৬ জন আটক ● কৃষকদল নেতা ● ভাঙ্গা. ফরিদপুর ● রাজু মোল্লা হত্যা