ঢাকা শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ডুমুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাত্র দুটি ক্লাস নেওয়ার পর নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে ভবনে তালা ঝুলিয়ে চলে যান শিক্ষক-কর্মচারীরা। বিদ্যালয়সংলগ্ন একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। নির্ধারিত সময়ের অনেক আগে ছুটি দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান শুরু হয়। শিক্ষকরা দুটি ক্লাস নেওয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভবনে তালা ঝুলিয়ে চলে যান। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়।
অভিভাবকদের অভিযোগ, নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো শিক্ষকদের দায়িত্ব। কোনো সামাজিক বা ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে ইচ্ছামতো বিদ্যালয়ে ছুটি দেওয়ার সুযোগ নেই। আগাম ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি হচ্ছে।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, বেলা ১১টা ৪০ মিনিটে বিদ্যালয় বন্ধ করে স্যারেরা বাড়িতে চলে যান।
ঘটনার বিষয়ে বিদ্যালয়ের অফিস সহায়ক আলাউদ্দিন আকন বলেন, “আমরা স্কুলে গিয়েছিলাম। স্কুলসংলগ্ন পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় দুটি ক্লাস নেওয়া হয়েছে। এরপর প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়ে দেন।” শিক্ষকরা ওই বিয়েবাড়িতে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “কোনো শিক্ষকই অনুষ্ঠানে যাবেন না।” এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ মিত্রের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি “কথা শুনতে পাচ্ছি না” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম বলেন, “ক্লাস চলাকালীন এভাবে বিদ্যালয় বন্ধ রাখা বা নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধের ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৬:০৩ ১১ বার পঠিত | ● নাজিরপুর ● বিদ্যালয়