ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি

কুষ্টিয়া: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা (বৈশাখী ভাতা) এবং চিকিৎসা ভাতা চালুর দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও আবেদন পেশ করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলার ‘ভেড়ামারা উপজেলা অবসরপ্রাপ্ত শিক্ষক হিতৈষী সংঘ’-এর পক্ষ থেকে এ আবেদন জানানো হয়।

স্মারকলিপিতে শিক্ষকেরা উল্লেখ করেন, দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই স্থানীয় জনগণের দান, ভূমি ও অক্লান্ত শ্রমে গড়ে উঠেছে। একসময় কোনো আর্থিক নিশ্চয়তা না থাকা সত্ত্বেও একদল তরুণ-তরুণী শিক্ষকতার মতো মহান পেশায় আত্মনিয়োগ করেছিলেন এবং নামমাত্র সম্মানি বা বিনা বেতনে শিক্ষা কার্যক্রম টিকিয়ে রেখেছিলেন। আজ তাঁদের হাত ধরেই দেশে লাখ লাখ প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী, কৃষিবিদ ও গবেষক তৈরি হয়েছেন।

আবেদনে অবসর জীবনের চরম বাস্তবতার চিত্র তুলে ধরে বলা হয়, দীর্ঘ কর্মজীবন শেষে ৬০ বছর বয়সে অবসরে যাওয়ার পর এসব শিক্ষকের আয়ের সব পথ বন্ধ হয়ে যায়। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, বাসস্থান ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অধিকাংশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী চরম আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে বার্ধক্যজনিত কারণে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে অনেকে সন্তান বা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। যেখানে ঈদুল ফিতর, ঈদুল আজহা কিংবা বাংলা নববর্ষের মতো উৎসবগুলো সবার জীবনে আনন্দ নিয়ে আসার কথা, সেখানে আর্থিক অসচ্ছলতার কারণে এসব দিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরিবারে কষ্ট ও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপিতে ইউনেস্কো (UNESCO) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১৯৬৬ সালের শিক্ষক মর্যাদা-বিষয়ক সুপারিশমালার কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষকদের ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। দেশের মানুষ গড়ার কারিগররা যেন জীবনের শেষ প্রান্তে এসে উৎসবের দিনগুলোতে একটু স্বস্তি ও আনন্দের ছোঁয়া পান, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় ও মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৩:১৯   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●