![]()
কুড়িগ্রাম: উলিপুরে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উলিপুর থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উলিপুর শিক্ষা পরিবারের আয়োজনে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান চলছিল। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও অবসরপ্রাপ্ত প্রায় সহস্রাধিক শিক্ষক অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।
এ সময় হযরত ফাতিমা (রাঃ) পৌর স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আসাদুজ্জামান (৫৪) তার ব্যবহৃত হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলটি অডিটরিয়াম হলরুমের সামনে রেখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাইরে এসে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি নেই।
ভুক্তভোগী শিক্ষক আসাদুজ্জামান বলেন, অডিটরিয়াম হলরুমের সামনে থাকা সিসি ক্যামেরার সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশের পাঁচ মিনিট পর বাইরে এসে দেখেন, তার ব্যবহৃত কুড়িগ্রাম-হ-১২-৮৮১৮ নম্বরের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ সময় ইউএনওর কাছে গিয়ে বিষয়টি মৌখিকভাবে জানালে তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বলেন। পরে ফুটেজ যাচাই করে দেখা যায়, ওই স্থানে থাকা সিসি ক্যামেরাটি নষ্ট। দূরে থাকা একটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক এসে তার মোটরসাইকেলে থাকা হেলমেট পরে সেটি নিয়ে চলে যাচ্ছেন। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে উলিপুর থানায় অভিযোগ করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে উপজেলা চত্বরের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত চোর শনাক্ত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ বলেন, শিক্ষকের মোটরসাইকেল হারানোর বিষয়টি তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। চত্বরে থাকা সিসি ক্যামেরার ফুটেজগুলো তাকে সরবরাহ করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:০০:৫৪ ৬ বার পঠিত | ● উলিপুর ● চুরি ● মোটরসাইকেল ● শিক্ষক