ঢাকা    বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়ার কৌশল শেখালেন শিক্ষা কর্মকর্তা

কাউখালীতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়ার কৌশল শেখালেন শিক্ষা কর্মকর্তা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


কাউখালীতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়ার কৌশল শেখালেন শিক্ষা কর্মকর্তা

পিরোজপুর: কাউখালীতে কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার।

পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের পাঠদানে অংশ নেন। তিনি সহজ উপায়ে সঠিক বাংলা উচ্চারণ, জটিল বাংলা ও ইংরেজি শব্দ সহজে উচ্চারণের কৌশল এবং সহজ নিয়মে অঙ্ক সমাধান ও নামতা মনে রাখার পদ্ধতি হাতে-কলমে শেখান।

পাঠদান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ওয়াহিদুর রহমান। তিনি বলেন, “আপনারা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করবেন। কোনো ভয়ভীতি না দেখিয়ে ওদের যেন সহজভাবে ও আনন্দমুখর পরিবেশে হাতে-কলমে শেখানো যায়, সে চেষ্টা অব্যাহত রাখবেন।”

পরিদর্শন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শুধু ক্লাসরুমের পাঠদানই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য শিশুরা যেন ভয় না পেয়ে ভালোবাসার সঙ্গে পড়ালেখা শেখে। শিক্ষকরা তাদের সন্তানের মতো করে যত্ন নিলে কোমলমতি এই শিক্ষার্থীরা খুব দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারবে।

“এ ছাড়া, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন ও বাথরুমের সমস্যার বিষয়টি আমার নজরে এসেছে। ১৭৩ জন শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে এসব অবকাঠামোগত সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।”

উল্লেখ্য, কাজী হারুন-অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৭৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। জরাজীর্ণ ভবন ও বাথরুমের পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি ও নানা ভোগান্তির মধ্যে পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৪   ১০ বার পঠিত  | ●   ●