![]()
পাবনা: মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে সাহসের সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি বলেছেন, এলাকার উন্নয়ন ও স্বার্থে সাংবাদিকদের নির্ভয়ে লিখতে হবে। রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। সঠিক তথ্য তুলে ধরে মানুষকে জানাতে হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এমপি রুমা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ও গণতন্ত্রের জন্য কাজ করছেন। তিনিও এলাকার উন্নয়নে কাজ করছেন। চাটমোহর তাঁর জন্মস্থান উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন তিনি সব সময় চান। এ জন্য সাংবাদিকদের সঙ্গে বসে তাঁদের সহযোগিতায় কাজ করতে চান।
মাদকের বিরুদ্ধে লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে সাহসের সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে।
বিগত চার মাসের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে অ্যাডভোকেট রুমা বলেন, এই তিন উপজেলায় অনেক কাজ করার চেষ্টা করেছেন তিনি। চাটমোহরে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন এবং দ্বিতীয় ধাপে তিন উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। চাটমোহর রেলস্টেশনকে আধুনিক মডেল স্টেশনে রূপান্তর, ট্রেনের যাত্রাবিরতি ও আসনসংখ্যা বাড়ানো, চাটমোহরে পুলিশ ভ্যান দেওয়া এবং বড়াল নদ সংস্কার ও খননের উদ্যোগ নেওয়া হবে। ভাঙ্গুড়ায় একটি সেতু নির্মাণের কথাও জানান তিনি।
তিনি তিনটি প্রেসক্লাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিটি প্রেসক্লাবকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস চাটমোহর-মান্নাননগর সড়কের কাজের উদ্যোগ নিয়েছেন।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু ও সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক মির্জা বাসিত। এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক বিকাশ কুমার চন্দ, এস এম মাসুদ রানা, জিয়াউর রহমান পিপুল ও বিপ্লব আচার্যসহ অনেকে।
মতবিনিময় সভায় বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, এ এম জাকারিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, মিজানুর রহমান মজনু, ইয়াসিন আলী, গোলজার হোসেন ও জাকির হোসেন, যুবদল নেতা গোলজার হোসেন, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
\এন/ এস\
বাংলাদেশ সময়: ২৩:৩০:০১ ১৩ বার পঠিত | ● অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ● চাটমোহর উন্নয়ন ● চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর ● মাদকবিরোধী সাংবাদিকতা