ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ

সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ননী গোপাল নামের এক সংখ্যালঘু ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা (হিন্দুপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা গ্রামের ননী ওয়ারিশসূত্রে পাওয়া জমির মালিক এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছিলেন। অন্যদিকে, মায়ারানীও ওয়ারিশসূত্রে জমির মালিক। তিনি ওয়ারিশসূত্রে যে পরিমাণ জমি পাওয়ার কথা, সেই পরিমাণ জমি ভোগদখলে ছিলেন। বর্তমানে তিনি সেই জমি বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে ননী গোপালের পরিবারের সঙ্গে প্রতিবেশী মায়ারানী ও তাঁর ছেলে সৌরভের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অভিযোগ রয়েছে, বিরোধের জেরে মায়ারানী পার্শ্ববর্তী বাটি গ্রামের মোসলেম মেম্বারের ছেলে মোশারফ হোসেন ওরফে মশা এবং জয়নালের ছেলে অনুসহ পাঁচ থেকে সাতজন ভাড়াটিয়া লোক নিয়ে অতর্কিতে হামলা চালান। এ সময় ননীর বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। পাশাপাশি ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হয়েছে। এর আগেও জমি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার ঝগড়া-বিবাদ হয়। হামলার সময় ননী গোপালের পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ননী গোপাল, তাঁর ছেলে পরান সরকার ও নাথু সরকার এবং অপর পক্ষের মোশারফ হোসেন ওরফে মশা ও অনু গুরুতর আহত হন। পরে তাঁদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উভয় পক্ষ সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মায়ারানী বলেন, জমিটি তাঁর এবং তিনি দীর্ঘদিন ধরে তা দখলে রেখেছিলেন। তবে বর্তমানে তিনি ১৬ বছর ধরে সেখানে থাকেন না। তাঁর বাড়িতে ননী গোপাল কাঠ, খড়ি ও ময়লা-আবর্জনা রেখেছেন বলে দাবি করেন তিনি। মায়ারানী ও মোশারফ হোসেন হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস জানান, ঘটনাস্থলের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার শুনে বাড়ির উঠানে যান। সেখানে মোশারফ হোসেনকে ননী গোপালকে মারধর করতে দেখেন। পরে ননীর ছেলে এসে লাঠি দিয়ে মোশারফ হোসেনকে আঘাত করেন।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫২   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●