![]()
পিরোজপুর: জেলার কাউখালীতে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদার।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম, মাদ্রাসাশিক্ষক ওমর ফারুক, সমাজসেবক মনিরুজ্জামান মনির ও ফরিদউদ্দিন মান্নু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব মিলু বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ মানবজাতির জন্য চিরন্তন সুপথের দিশারি। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিশ্বনবীর মহানুভবতা, ন্যায়পরায়ণতা, শিক্ষা ও নৈতিক চরিত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। পড়াশোনার পাশাপাশি সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারবে। এ সফল আয়োজনে উপস্থিত থেকে সহযোগিতা করায় তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভা শেষে মহানবী (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫১:১৭ ৫ বার পঠিত | ● ঈদে মিলাদুন্নবী ● কাউখালী পিরোজপুর ● কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়