ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালী: বাউফলে ঘরের মাচা ভেঙে প্রায় ৫০ মণ লাকড়ির নিচে চাপা পড়ে চাম্পা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে খালা-শাশুড়ির ঘরে বিশ্রাম নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা চাম্পা বেগম নিজের ঘরের পাশেই তাঁর খালা-শাশুড়ির ঘরে যান। সেখানে ঘরের মাঝখানে থাকা একটি চৌকিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় ঘরের মালিক বাড়ির আঙিনায় দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন।

হঠাৎ ঘরের মাচায় মজুত করে রাখা প্রায় ৫০ মণ লাকড়িসহ পুরো মাচাটি ভেঙে চৌকিতে শুয়ে থাকা চাম্পা বেগমের ওপর পড়ে। বিকট শব্দ শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা লাকড়ি সরিয়ে তাঁকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় চাম্পা বেগমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত চাম্পা বেগম ওই এলাকার মীর হোসেন সরদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০৯   ৪১ বার পঠিত  | ●   ●   ●